ভুয়া চিকিৎসকদের ধরতে অভিযান পরিচালনার নির্দেশ হাইকোর্টের
মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসককে খুঁজে বের করতে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ একটি রিটের প্রেক্ষিতে রুলসহ এ আদেশ দেন। সেইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসক নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২৯ নভেম্বর জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জে আর খান রবিন। রুলে নিবন্ধন ছাড়া যারা ভুয়া ডাক্তারি প্রাকটিস করবেন, তাদের বিরুদ্ধে শাস্তি তিন বছরের বেশি কেন করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বাস্থ্যসচিব, বিএমডিসির মহাপরিচালক, স্বাস্থ্যের মহাপরিচালক, পুলিশ মহাপরিদর্শক, বিএমডিসির রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী জে আর খান রবিন বলেন, সংবিধানের ১৫ (ক) ও ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্যের কথা উল্লেখ থাকলেও অনুচ্ছেদ ৩১ ও ৩২ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার।
রিটকারী আইনজীবী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে অনেকে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছেন।
তিনি আরও বলেন, বর্তমান আইনে যে সাজার বিধান রয়েছে, একজন ভুয়া চিকিৎসকের চিকিৎসার কারণে মানুষের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিপূর্ণ বিবেচনায় তা অত্যন্ত নগণ্য। এ কারণে দেশে ভুয়া চিকিৎসকদের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের মানুষের স্বাস্থ্য সেবাও হুমকির মুখে পড়ছে।
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
০৭ জানুয়ারী, ২০২৬
-
১৯ মে, ২০২৫
-
১৮ মে, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫