লিবরার ২৪ পদ ওষুধের দাম বাড়ল ৫-১২%
মেডিভয়েস রিপোর্ট: লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ পদের ওষুধের দাম বাড়াল সরকার। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আসরাফ হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোম্পানিটির ২৪ পদের ওষুধ রয়েছে। এই ২৪ পদের ওষুধের দামের প্রকারভেদে ৫-১২% বাড়ানো হয়েছে।
বাড়ানোর কারণ জানতে চাইলে পরিচালক জানান, ডলার সংকট, কাঁচামালের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নিজেদের ওষুধের মূল্যে বৃদ্ধির জন্য ঔষধ প্রশাসনে আবেদন করে কোম্পানিটি। তাদের দাবির প্রেক্ষিতে এসব পণ্যের মূল্য সমন্বয় করা হয়েছে। এই কোম্পানিটি ২৪ পদের ওষুধ প্রস্তুত করে। এই ওষুধ দেশে আর কোনো কোম্পানি উৎপাদন করে না। ফলে জনসাধারণ বাধ্য হয়ে বেশি দামে এক কোম্পানি থেকে ওষুধ কিনতে হবে।
এদিকে ওষুধের দাম বাড়ানোর কারণ হিসেবে ডলারের মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধিকে দুষছেন ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান।
তিনি জানান, ডলার সংকট, জ্বালানির দাম বৃদ্ধি, ওষুধের কাঁচামাল আমদানির জন্য এলসি খোলা হয়েছিল ৮০ টাকা ডলারে। শিপমেন্ট পৌঁছানোর পর ডলারের দাম উঠেছে ১১০ টাকায়। মোড়ক, পরিবহন, বিপণন ব্যয় বাড়ার প্রভাবও ওষুধের বাজারে দেখা যাচ্ছে। এসব কারণে ওষুধের দাম বাড়ানোর আবেদন করা হয়। মূল্যবৃদ্ধি ছাড়া তাঁদের কোনো উপায় ছিল না।