নভেম্বরে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশা জন্মে সহায়ক পরিবেশ সৃষ্টি না হলে, নভেম্বরেই ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস নিয়ন্ত্রণ’ কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাজমুল ইসলাম বলেন, চলতি মাসের শেষে বা নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে। তবে এডিস মশার জন্মে সহায়ক পরিবেশ সৃষ্টি না হলে (বৃষ্টি না হলে) এই মাসের শেষেই প্রকোপ কমে আসবে বলে আশা করছি।
ডেঙ্গু বাড়ার পেছনে কারণ জানিয়ে তিনি বলেন, এ বছর দেরিতে বর্ষা এসেছে । থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়নি, নিম্নচাপের কারণে বারবার বৃষ্টিপাত হয়েছে। এই বিষয়গুলো ডেঙ্গুর প্রকোপ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা মনে করি, এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত এককভাবে তো কেউ মোকাবিলা করতে পারবে না,দেশের সবাইকে মিলেই মোকাবিলা করতে হবে। সচেতনতার যে জায়গাটি আছে, খোলা জায়গায় যেখানে পাত্র পড়ে আছে, পানি জমছে আমরা ফেলে দিচ্ছি। শহরকে পরিষ্কার রাখার ব্যাপারে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায় আছে। সেই জায়গা থেকেও যদি আমরা সচেতন হই তাহলে অবশ্যই মশার প্রজনন ক্ষেত্রগুলো কমে আসবে, বিস্তারও কমে যাবে।
নাজমুল ইসলাম বলেন, আমাদের সচেতনতা অভাবেই ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। অবহেলা ও সময়মত চিকিৎসকের কাছে না যাওয়ায় মৃত্যু ঘটছে।