আজও কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসক পরিষদ
মেডিভয়েস রিপোর্ট: কেন্দ্রীয় শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনকে হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।
আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জিলানী বলেন, ‘আমাদের ২০০ জন ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতি চালু থাকলেও রোগীদের চিকিৎসা সেবা চলমান রয়েছে। আর হাসপাতালের জরুরি বিভাগ চালু রয়েছে।’
তিনি বলেন, হামলায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিবে ইচিপ।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু কতিপয় বিপদগামী শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্য ডা. সাজ্জাদ ওপর হামলা করে।