স্বাস্থ্যের কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নয়: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যের কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দেশের অধিকাংশ নাগরিক করোনার টিকা নিয়েছেন, আবার অনেকের মধ্যে বুস্টার নেওয়ার অনিহা রয়েছে। যারা বুস্টার নেয়নি, তাদের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতে পারবও না। আমরা অবশ্য আবারও বলব, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অবশ্যই নেবেন। বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন।’
সাম্প্রতিক ওষুধ শিল্পের বাজারজাত নিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী দিনগুলোতে ওষুধ সরবরাহ ও দাম যাতে ঠিক থাকে, সে বিষয়ে ওষুধ শিল্প সমিতির নেতৃবৃন্দ নজর রাখবেন। শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। এ সকল বিষয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার মধ্যে আমরা সবাই একমত; ওষুধের মান বজায় রাখবো।’
এ সময় উপস্থিত ছিলেন ওষুধ শিল্প সমিতির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নাজমুল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির প্রমুখ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪