০৬ মে, ২০২২ ০৬:১৬ পিএম

করোনার টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয়: তথ্যমন্ত্রী

করোনার টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মেডিভয়েস রিপোর্ট: সরকার বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে দেশের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় কক্সবাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (বাউস) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ড. হাছান মাহমুদ বলেন, এ টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী সময়কালের মধ্যে বর্তমান সময়ে দেশের স্বাস্থ্য খাত সব থেকে ভালো অবস্থানে আছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে সরকারের গৃহীত স্বাস্থ্যসচেতনতা তৈরির নানা পদক্ষেপের মাধ্যমে।’

অনুষ্ঠানে চিকিৎসকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা অনেক মেধাবী, তাঁরা যেভাবে মনোনিবেশ করতে পারেন অন্য দেশের চিকিৎসকেরা তা পারেন না। চিকিৎসকেরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এ দেশে চিকিৎসা নিতে আসবেন মানুষ। চিকিৎসা নিতে বাইরের দেশে যাওয়ার প্রবণতা কমে আসবে।

বাউস সভাপতি হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সানাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সাইফ উদ্দীন আহমেদ।

সম্মেলনের লক্ষ্য তুলে ধরে বক্তব্য দেন বাউসের মহাসচিব তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন, ইউরোলজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস।

‘কিডনি দান করুন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্রের ১০ জনসহ ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলজি চিকিৎসক অংশ নেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনিদানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনের এ সম্মেলন শেষ হবে আগামীকাল শনিবার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক