ডেন্টাল ভর্তি পরীক্ষার মানোন্নয়নে কাজ শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে বিডিএস কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।
আজ শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘অতিমারিকালীন আমরা একদিকে করোনা নিয়ন্ত্রণে কাজ করেছি, অন্যদিকে প্রতি বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পেরে হাজার হাজার শিক্ষার্থীর যাতে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করেছি। আজকের পরীক্ষাটিও সুশৃঙ্খলভাবে নেওয়াসহ পরীক্ষায় কোনোরকম অনিয়ম যাতে না হয়, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে এ বছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। আগামীতে পরীক্ষার মান আরো বাড়ানোর লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করা হয়েছে।’
পরীক্ষা সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে এ সময় তিনি বলেন, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ৫৪৫ জন শিক্ষার্থী বাছাই করা হবে। এখানে ১২টি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে আসন সংখ্যা ১৪০৫টিসহ সরকারি ও বেসরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা ১৯৫০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিতের জন্য নির্ধারিত আসন বাদে জাতীয় মেধায় ৮০% ও জেলা কোটায় ২০% শিক্ষার্থী সুযোগ পাবে। এবারের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ৬৫,৯০৭ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই রয়েছে ৩১,০৩৫ জন। পরীক্ষায় মোট ২৬টি ভেন্যুর জন্য মোট কেন্দ্র সংখ্যা ৯২৯টি।
এই পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানে প্রতি আসনের বিপরীতে ১২১ জন করে পরীক্ষার্থী অংশ নিয়েছে। আর মোট আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছে ৩৩.৮ জন।
জাহিদ মালেক বলেন, তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
জাহিদ মালেক বলেন, আগামী মে মাস থেকে কলেরার টিকা দেওয়া হবে। যেসব এলাকায় প্রাদুর্ভাব বেশি, সেসব এলাকায় দ্রুত টিকা দেওয়া হবে। এ সময় কলেরা থেকে সুরক্ষায় সবাইকে বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণের পরামর্শ দেন মন্ত্রী।
তিনি বলেন, প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ব্যাপারে এখনও কিছু বলেনি জানিয়ে তিনি বলেন, দ্রুত টিকা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
-
২৬ জুন, ২০২৫
-
২৭ মার্চ, ২০২৫
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ নভেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’
১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি
-
১১ জুন, ২০২৪
-
০৪ জুন, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪