বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ১২ সেন্টারের ২০ ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক যোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি আসন ও বেসরকারিতে ১ হাজার ৪০৫ আসনের জন্য বসেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেন ৯৩ জন শিক্ষার্থী।
দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ ১টি এবং ৮ টি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।
সকালে রাজধানীর ফুলার রোডস্ত উদয়ন বিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো রকম অনিয়মের খবর পাওয়া যায়নি। পরীক্ষা শুরুর এক মাস আগে থেকেই পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এ বছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোন কেন্দ্রেই কোনোরকম নেতিবাচক কিছু ঘটার সুযোগ ঘটেনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদি সাব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সংবাদ কর্মীদের বিফিংয়ের পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে চলমান অভিযান চলামান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়, তামাক আইন কার্যকর করার গুরুত্ব তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এএনএম/