আইসিডিডিআর’বিতে বেড়েই চলেছে ডায়রিয়া রোগীর সংখ্যা
আসাদুল ইসলাম দুলাল: রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআর’বি হাসপাতালের মূলভবনে শয্যা সংকুলান না হওয়ায় বাইরে তাবু টানিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালটির তথ্যমতে, আজকে দুপুর ২টা পর্যন্ত ৭০০শ‘ বেশি রোগী ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে গড়ে ১৫-১৬শ’ রোগী রয়েছে।
রোববার (২৬ মার্চ) দুপুরে আইসিডিডিআর’বির সহকারী বিজ্ঞানী ডা. শোয়েব বিন ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শোয়েব বিন ইসলাম মেডিভয়েসকে জানান, রোগীর চাপ বাড়ায় হাসপাতালের সকল ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে। সিনিয়র ডাক্তাররা জুনিয়রদের সাথে রাতেও কাজ করছে। পাশাপাশি অতিরিক্ত ডাক্তার, নার্স নিয়োগ করা হয়েছে। এ ছাড়া আইসিডিডিআর’বির অন্য জায়গায় যারা কাজ করতো, তাদেরকেও এখানে যুক্ত করা হয়েছে।
তিনি জানান, মূল ভবনের বাইরে দুটি তাবু তৈরি করা হয়েছে। তাবু দুটির ভিতরে প্রায় ২০০ শয্যার বেড তৈরি করা হয়েছে।
কোন পর্যায়ের রোগীদের ছাড়পত্র দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান, যারা একটু টেকসই বা বমি কমে গেছে এবং যারা বাসায় যেতে চান, তাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছি। পাশাপাশি স্যালাইন দিয়ে দিচ্ছি, যেন তারা বাসায় গিয়ে স্যালাইন খেতে পারেন।
ডা. শোয়েব জানান, ২০১৯ এর চেয়ে এবার ডায়রিয়া রোগীর সংখ্যা দেড় থেকে দুই গুণ হতে পারে।
খাবারের পরামর্শ হিসেবে তিনি বলেন, খোলা খাবার খাওয়া যাবে না। যেখান সেখান থেকে পানি খাবেন না। হাত ধুয়ে খেতে হবে। পরিষ্কার খাবার খেতে হবে।