মেডিসিন বিভাগে ১৮৩টি পদ বৃদ্ধি: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে মেডিসিন বিভাগের ১৮৩টি পদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘আজকে স্বাস্থ্যসেবা সচিব মহোদয় জানালেন, সচিব কমিটির বৈঠকে মেডিসিন বিভাগে ১৮৩টি পদ বৃদ্ধির অনুমোদন হয়েছে।’
আজ রোববার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘আমরা চাই, আগামী দিনে হাসপাতালে স্বাস্থ্যসেবা দিতে সঠিক চিকিৎসক থাকেন। সেই চিকিৎসক যে সব কাজে পারদর্শী ও পরিপাটি থাকেন। সেই সাথে চিকিৎসক যাতে স্বাস্থ্যসেবার সকল কার্যসম্পাদন করতে পারেন, এ জন্য পরিকল্পনা হাতে নিয়েছি।’
দেশের স্বাস্থ্যখাত অনেক এগিয়েছি উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ বছরে দেশে ১৮ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ পেয়েছে। হাসপাতালগুলোতে এখন চিকিৎসকের সংকট নেই। স্বাস্থ্য সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমরা আট বিভাগীয় শহরে বিশেষায়িত হাসপাতাল তৈরি করছি। আমরা অর্থপেডিক, মানসিক, নিউরোসায়েন্সের মতো উন্নত সেবাও তৃণমূলে পৌঁছে দেবো। এসব হাসপাতালও ধীরে ধীরে বিভাগীয় পর্যায়ে হবে। দেশে হাসপাতাল হলে রোগীরা চিকিৎসা পাবে, চিকিৎসকদের কর্মক্ষেত্র বাড়বে। স্বাস্থ্যখাতকে ডিজিটালাইজেশন করা হবে। মেডিকেল সায়েন্সে রোবোটিকস ব্যবহার করা হবে।