ক্যানসার চিকিৎসায় বিদেশ যায় বেশি রোগী: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: দেশে অন্য রোগীর চেয়ে ক্যানসারের রোগী চিকিৎসার জন্য বিদেশে বেশি যান বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালরে ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে রক্তের ক্যানসার নিয়ে আয়োজিত আলাচনা সভায় এ কথা বলেছেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, দেশে ক্যানসার রোগী প্রায় ১৫ লাখ। দেশে রোগী রাড়ছে। এ দেশ থেকে সবচেয়ে ক্যানসারের রোগী চিকিৎসার জন্য বেশি বিদেশ যায়। ক্যানসার চিকিৎসার কেন্দ্র এবং বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো জরুরি।
অনুষ্ঠানের মূল উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন বলেন, দেশে বিশেষজ্ঞ ক্যানসার চিকিৎসকেরা তাঁদের জ্ঞান ও দক্ষতা পুরোপুরি ব্যবহারের সুযোগই পাচ্ছেন না।
তিনি আরও বলেন, ‘ক্যানসার জটিল রোগ। এর সঠিক ও পরিপূর্ণ চিকিৎসা পাওয়া প্রতিটি ক্যানসার রোগীর অধিকার। আমাদের দায়িত্বশীল চিকিৎসক হতে হবে।’
দেশের ক্যানসার চিকিৎসার অবকাঠামোর স্বল্পতা, পরীক্ষা-নিরীক্ষার ঘাটতি, চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ-বিদেশ থেকে আমরা যা শিখি, আমাদের যে জ্ঞান, তার এক-চতুর্থাংশ প্রয়োগ করতে পারছি না।’