০৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৬ পিএম

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বিচারপতি নাজমুল আহাসান

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বিচারপতি নাজমুল আহাসান
গত ৮ জানুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নাই। 

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পান। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন তিনি শপথ নিতে পারেননি।

৯ জানুয়ারি বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছিলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি সুস্থ হলে শপথ নেবেন।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক