ক্যান্সার রোধে জনসচেতনতা তৈরি করতে হবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার প্রতিরোধে মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি ক্যান্সার মোকাবিলায় মাল্টিডিসিপ্লিনারি এ্যাপ্রোচ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে আজ (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিএসএমএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ক্যান্সার প্রতিরোধে মানুষকে সচেতন হতে হবে, মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।’
এজন্য শারীরিক পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নিয়মিত ব্যায়াম করতে হবে। ধূমপান পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে রোগীদের সেবার পরিধি আরো বৃদ্ধি করা হবে। প্রয়োজনীয় জনবল তৈরি, উন্নত প্রশিক্ষণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করাসহ বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা সেবার সকল অগ্রগতিকে এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার সাথে সংযোজন করা হবে।
অন্য বক্তারা বলেন, ক্যান্সারের চিকিৎসা এককভাবে করা যায় না। উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে মাল্টিডিসিপ্লিনারি এ্যাপ্রোচ বাস্তবায়ন করতে হবে। দিন দিন ক্যান্সারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।