০৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:৩২ পিএম

দেশে ক্যান্সারে আক্রান্ত ১৫ লাখ

দেশে ক্যান্সারে আক্রান্ত ১৫ লাখ
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেছেন, ১৭ কোটি মানুষের জন্য ১৭০০ ক্যান্সার বিশেষজ্ঞ দরকার। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশে ১৫ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর শহীদ ডাক্তার মিল্টন হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের এ আয়োজনে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসকরা নিরলস পরিশ্রম করছেন। এ সময় ক্যান্সার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

ক্যান্সার মোকাবিলায় মাল্টিডিসিপ্লিনারি এ্যাপ্রোচ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্যান্সার যাতে না হয়—সেজন্য মানুষকে আরো সচেতন হতে হবে। 

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘ক্যান্সার থেকে বাঁচতে ধূমপান পরিহার করতে হবে। নিয়মিত স্কিনিং করতে হবে, যেন শরীরে কোনো রোগ প্রবেশ করতে না পারে। কিন্তু অনেকে এই পরীক্ষা-নিরীক্ষা করছেন না। ইমিউনিটি বাড়াতে হবে। ইপিআই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে। এর কল্যাণে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কম হওয়ার পেছনে বিসিসি ভ্যাকসিনের ভূমিকা রয়েছে। এটি প্রায় প্রমাণিত।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চিকিৎসায় ক্যানসারের বিষয়টি যুক্ত হয়েছে। এর মধ্যে লিনিয়ার এক্সেলেরেটর মেশিন, যা সব মেডিকেলে নেই। এখানে ব্রাকি থেরাপি ও কেমোথেরাপি রয়েছে।’

ভাইস চ্যান্সেলর বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ক্যান্সার চিকিৎসা আরো উন্নতি করতে পারি কিনা, সেই দিকটা খেয়াল রাখবো। বিশ্ববিদ্যালয়ে লোকসংখ্যা বাড়ানো দরকার, তবে কতজন দরকার সেইভাবে পরিকল্পনা করতে হবে। লোকসংখ্যা বাড়ানোর সঙ্গে যন্ত্রপাতি দরকার। ভবিষ্যতে লোকসংখ্যা বাড়ানোর জন্য কোর্সের ছাত্র সংখ্যা বাড়ানো হবে। কারণ, ক্যান্সারের যে পরিমাণ লোকসংখ্যা দরকার তার চেয়ে কম রয়েছে। ভবিষ্যতে অনকোলজি বিভাগে লোকসংখ্যা বাড়ানোর চেষ্টা করবো। অনকোলজি বিভাগে লিনিয়ার এক্সেলেরেটর মেশিন আছে, আরেকটা মেশিন বাড়ানো দরকার। ইতিমধ্যে অত্র কমিটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। ভবিষ্যতে ক্যান্সার বিভাগে যা যা যন্ত্রপাতি দরকার, এই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।’ 

শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ইতিমধ্যে সরকারের সঙ্গে কথা বলেছি। লিভার, কিডনি ও ট্রান্সপ্লান্টসহ সর্বশেষ সব চিকিৎসা এখানে হবে। এ ছাড়া রোবোটিক সার্জারিও হবে। এখানে জেনোম সিকোয়েন্সিং করি, এন্টিবডি টেস্ট করি। এখানে সর্বাধুনিক ও সর্বশেষ বিষয়গুলো যুক্ত করা হয়েছে।’

ক্যান্সার স্কিনিং ও ক্যান্সার ট্রেইনিংয়ের ব্যাপারেও অনকোলজি বিভাগ উদ্যোগ গ্রহণ করলে প্রশাসন সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন বিএসএমএমইউ ভিসি।

এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজকে বিশ্ব ক্যান্সার দিবস পালন করছি। আসলে এদেশের একজন যদি এ বিষয়ে ভাবেন, তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা। যিনি আটটি বিভাগে এই ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসার জন্য বিভাগীয় শহরে লোকসংখ্যা তৈরি ও ১০০ শয্যার হাসপাতাল তৈরি করেছেন। স্বাস্ব্য খাতে উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা ছাড়া আর কারও মাধ্যমে হয়নি। তার প্রমাণ এই বিশ্ববিদ্যালয়। দেশে একটি নয়, পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এছাড়াও কয়েকটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠান বাড়লে লোকসংখ্যা বাড়বে। এতে রোগীদের চিকিৎসার সুযোগ হবে। দেশে ১৭ কোটি লোকের জন্য ২০০ ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছে, ১৭ কোটি মানুষের জন্য ১৭০০ ক্যান্সার বিশেষজ্ঞ দরকার।’

ভাইস চ্যান্সেলর বলেন, ‘এখন থেকে কোনো রোগী বিদেশে চিকিৎসা নিতে যাবে না। আগামী মার্চে আশা করি সুপার স্পেশাল হাসপাতালটি চালু হবে। পরে ট্রান্সপ্লান্ট ও ক্যান্সার চিকিৎসাসহ সকল ধরনের চিকিৎসায় বিদেশে যারা যান, সেই রোগীদের যেন চিকিৎসা দিতে পারি তার জন্য লোকসংখ্যা, ট্রেনিং সম্প্রসারিত করবো।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক