‘চিকিৎসার জন্য কেউ বিদেশ যাবে না, এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল’
মেডিভয়েস রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের মানুষকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই (বিএসএমএমইউ) মানুষ সকল আধুনিক সেবা পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিএসএমএমইউতে ‘থ্রমবোলাইসিসি ইন একিউটি ইস্কেমিক স্ট্রোক’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক আইপিজিএমএন্ডআর অর্থাৎ বর্তমানের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বপ্ন ছিলো, এই প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তোলা হোক যাতে দেশের রোগীদের চিকিৎসাসেবার জন্য দেশের বাইরে যেতে না হয়। নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে আশা করি, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনেকখানিই পূরণ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই গড়ে তোলা হবে। এ জন্য এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের সহযোগিতা প্রয়োজন এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবেন।’
এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী প্রমুখ।