২০২২ সালেও চলতে পারে করোনা মহামারি: ডব্লিউএইচও
মেডিভয়েস ডেস্ক: করোনা মহামারি ২০২২ সালেও চলতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘মহামারি দীর্ঘ হওয়ার এই আশঙ্কার পেছনে দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয়সংখ্যক টিকা না পাওয়ার বিষয়টি সামনে এনেছে ডব্লিউএইচও।’
ডব্লিউএইচর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলছেন, ‘এখনো পর্যাপ্ত টিকা পায়নি দরিদ্র দেশগুলো। এতে করোনা সংকট কোনো অংশেই কমবে না। বরং ২০২২ সালেও ভাইরাসটি পৃথিবীতে ঘুরে বেড়াবে।’
প্রতিবেদন আরও বলা হয়েছে, আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত করোনার টিকা গ্রহণ করার সুযোগ পেয়েছেন। সে তুলনায় অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।
এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, দরিদ্র দেশগুলোতে ধীর গতিতে টিকা সরবরাহের অর্থ করোনা মহামারি দীর্ঘস্থায়ী হওয়া।