১০ অক্টোবর, ২০২১ ০৪:২৮ পিএম

সংগ্রহের পাশাপাশি রক্ত নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিন: বিএসএমএমইউ ভিসি

সংগ্রহের পাশাপাশি রক্ত নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিন: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ছবি: মো. সোহেল গাজী ও মো. আরিফ খান

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বেচ্ছায় রক্তদান, স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উদ্বোধনকৃত কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে আজ রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর নিবেদন করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশকে পেয়েছি। ১৯৭২ সালের ৮ অক্টোবর তৎকালীন আইপিজিএমআর এর এ ব্লকের দোতলায় ‘কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্রটির’ শুভ উদ্বোধন করে জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সেবার সাথে সাথে গবেষণাকে আরো এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, রক্ত সংগ্রহ, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করার সাথে সাথে রক্ত নিয়ে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা বিষয়ক গবেষণার সাথে সাথে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যবিষয়ক গবেষণায়ও গুরুত্ব দিতে হবে। 

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিজ নিজ গ্রাম ও এলাকায় সপ্তাহে অথবা মাসে এক দু’বার গ্রামে গিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানাচ্ছি। এতে গ্রামের সাধারণ মানুষ, সাধারণ রোগীরা অনেক বেশি উপকৃত হবেন। 

স্বেচ্ছায় রক্তদানের জন্য যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন: ডা. তানভীর আহমেদ, ডা. খান আনিসুর ইসলাম, মো. শাহিনুর রহমান, মো. শাকিল আহমেদ, মোস্তারিফ মুরসালিন, মো. শফিকুল ইসলাম ও মো. লোকমান মিয়া।   

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আয়েশা খাতুন প্রমুখসহ বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত