দেশে আসছে এস্ট্রেজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে আসছে আরও এস্ট্রেজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা। আগামীকাল শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভ্যাক্সিন গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন। ভ্যক্সিন গ্রহণ শেষে মিডিয়া ব্রিফ করবেন তারা।
এর আগে গত ২৮ আগস্ট জাপান থেকে ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার পঞ্চম চালান দেশে আসে। গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।
এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। গত ২ আগস্ট আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। ২১ আগস্ট চতুর্থ চালানে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় আসে।
জাপান কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিল। সে তালিকায় বাংলাদেশের নামও ছিল।