শিক্ষার্থীদের কিভাবে টিকা দেওয়া হবে, জানা যাবে কাল
মেডিভয়েস রিপোর্ট: স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনামুক্ত রাখতে কিভাবে টিকার আওতায় আনা হবে, সে বিষয়ে আগামীকাল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের প্রি রেজিস্ট্রেশন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের প্রায় সব শিক্ষকদের করোনার টিকার আওতায় আনা হয়েছে। স্কুল-কলেজ খোলার পর করোনার সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, যেহেতু শিক্ষার্থীদের টিকার বিষয়টির সঙ্গে শিক্ষামন্ত্রণালয় জড়িত; কাজেই সর্বনিম্ন কত বছর বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এবং কীভাবে এটি বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মেডিকেল শিক্ষার্থীদের শতকরা ৮০ ভাগের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে।
এবারের কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারী ১৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।