২৯ অগাস্ট, ২০২১ ০৬:৩০ পিএম

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল নিয়ে হাইকোর্টের রুল, প্রশ্ন-উত্তরপত্র দাখিলের নির্দেশ

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল নিয়ে হাইকোর্টের রুল, প্রশ্ন-উত্তরপত্র দাখিলের নির্দেশ
হাইকোর্ট।

মেডিভয়েস রিপোর্ট: ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র কেন আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

ত্রুটিপূর্ণ দাবি করে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল চেয়ে ১৯৫ ভর্তিচ্ছুর করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল বেঞ্চ আজ রোববার (২৯ আগস্ট) এ রুল দেন। স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি বছরের ৪ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য চার হাজার ৩৫০ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৪৮ হাজার ৯৭৫ শিক্ষার্থী উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৩৯ দশমিক ৮৬ শতাংশ। 

পরে গত ১৯ মে ক্রটিপূর্ণ দাবি করে ওই ফল বাতিল করে নতুন মেধাতালিকায় ভর্তি চেয়ে ৩২৪ শিক্ষার্থী রিট করেন।

শুনানি নিয়ে ২৭ মে হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ পর্যবেক্ষণ নিয়ে রিটটি নিষ্পত্তি করে দেন। সেদিন আদালত বলেন, ফলাফল বিষয়ে অভিযোগ থাকলে কোনো পরীক্ষার্থী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অধিদপ্তরের মহাপরিচালক সাত দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে সংশ্লিষ্ট প্রার্থীকে তা জানাবেন। আর তথ্য গোপন করে ভর্তি প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী অংশ নিলে এবং তা চিহ্নিত হলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ভর্তি তৎক্ষণাৎ বাতিল হবে।

এরপর ৩২৪ শিক্ষার্থীর মধ্য ১৯৫ শিক্ষার্থী নতুন করে ১৭ আগস্ট আরেকটি রিট করেন, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। 

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক