গণমাধ্যমকে তথ্য না দিতে ঢাকা সিভিল সার্জনের নিষেধাজ্ঞা
মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রান্ত তথ্য পরিবেশনে বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ছাড়া অন্যান্যদের গণমাধ্যমকে তথ্য কিংবা সাক্ষাৎকার না দিতে সরকারি হাসপাতালের সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞাপত্র জারি করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। আজ শুক্রবার (৯ জুলাই) এমন খবর জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা মেডিভয়েসকে বলেন, করোনাকালীন সময়ে গণমাধ্যমে অনেক ভুল তথ্য আসে। এতে অনেক রোগী আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, চিকিৎসকদের সম্পর্কে অন্যরকম একটা ধারণা পোষণ করেন। শুধুমাত্র সিভিল সার্জন ব্যতীত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা মেডিকেল অফিসার গণমাধ্যমকে কোনো দিতে পারবেন না।
তিনি আরও বলেন, বিভিন্ন সূত্র থেকে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করলে তথ্যে অনেক সময় ভুল থাকতে পারে, এটা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য রোগীর শনাক্ত, মৃত্যু ও হাসপাতালে সিট খালি আছে কিনা এসব তথ্যগুলো একজন ব্যক্তির মাধ্যমে যাবে। নির্দেশনার উদ্দেশ্য এ রকমই।