ফরিদপুরের তিন পৌরসভায় লকডাউন
মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ রোধে ফরিদপুরের তিন পৌরসভায় এক সপ্তাহের লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রবিবার (২১ জুন) থেকে এ লকডাউন কার্যকর হবে।
উপজেলাগুলো হলো- ফরিদপুর পৌরসভা, বোয়ালমারী পৌরসভা ও ভাঙ্গা পৌরসভা।
শনিবার (২০ জুন) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। এ নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ছয়জনের মৃত্যু ও নতুন করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২১ জুন সকাল ৬টা থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত ওই তিন পৌর এলাকায় সব ধরনের যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ, ভ্রাম্যমাণ ফাস্টফুড, হোটেল, মুদি দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান বন্ধ থাকবে। তবে অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
জানা গেছে, জেলা সদর ও পৌর শহরের বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনাবিষয়ক কমিটি নানা উদ্যোগ গ্রহণ করলেও উন্নতি হচ্ছে না। প্রতিদিনই ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। কিন্তু চাহিদা অনুযায়ী শয্যা না থাকায় ভর্তি নিতে পারছে না কর্তৃপক্ষ। এই হাসপাতালে আইসিইউতে ১৬ শয্যা থাকলেও সচল রয়েছে ১৪টি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান বলেন, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। মারা গেছেন ১৯৯ জন। করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার চাপ সামলাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিন পৌরসভায় এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে লকডাউন কার্যকর হবে।
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৪ নভেম্বর, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
১২ মে, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২২
-
১৯ ডিসেম্বর, ২০২১