পুনরায় টিকাদান কার্যক্রম শুরু ১৯ জুন
মেডিভয়েস রিপোর্ট: টিকা সংকটে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আগামী ১৯ জুন থেকে ফের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৪ জুন) বিকেলে মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে মা ফৌজিয়া মালেকের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, চীন বাংলাদেশকে মোট ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে। এর মধ্যে ৩০ হাজার ডোজ এ দেশে কর্মরত নিজেদের কর্মীদের জন্য দিয়েছে চীন। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের পাঁচ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়া যাবে। এ অবস্থায় আগামী ১৯ জুন থেকে আবার টিকাদান কর্মসূচি চালু করা হবে।
এছাড়া বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে। কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দেবে। শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন জাহিদ মালেক।
সিনোফার্মের এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
করোনা প্রতিরোধে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে করোনা বাড়তে শুরু করেছে। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বেশি বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই সংক্রমণ রোধের জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪