ঢাবি-চবিকে চূড়ান্ত প্রফ পরীক্ষা আয়োজনের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের নভেম্বর ২০২০ ও জানুয়ারি ২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে আয়োজনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার (৯ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচলককে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের নভেম্বর ২০২০ ও জানুয়ারি ২০২১ সেশনের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা জুন ২০২১ এর শেষ সপ্তাহের সুবিধাজনক সময়ে গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
একই সঙ্গে চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ঢাবি ও চবির পরীক্ষার তারিখ ঘোষণা
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘদিন স্থগিত থাকার পর অধিভুক্ত মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা শুরু করতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঢাবিতে পরীক্ষা শুরু আগামী ২৯ জুন এবং চবিতে ৩০ জুন।
জানতে চাইলে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে বলেন, ‘আজকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকৃতি সম্বলিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিটি পেয়েছি। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২৭ জুন থেকে পরীক্ষা শুরু করার কথা ছিল। সেই আলোকে রুটিনও ঘোষণা করতে চেয়েছিলাম। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনের কথা মাথায় রেখে আমাকে দুটি দিন পেছাতে বলেছেন। তাই ২৯ জুন থেকে শুরু হবে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা।’
পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠানো হবে। পরীক্ষা নিয়ন্ত্রক আজকের মধ্যেই পরীক্ষার রুটিন ঘোষণা করতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
চবির চিকিৎসা অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার মেডিভয়েসকে বলেন, ‘মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন তারিখ আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। এ তারিখকে সামনে রেখেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৩০ জুন তারিখে পরীক্ষা নেওয়ার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে। সুতরাং এ দিন পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা প্রস্তুত।’
এদিকে চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হবে এবং চবি অধিভুক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ ফি ১০ জুন তারিখ থেকে ২৯ জুনের মধ্যে জামাদানের জন্য নির্দেশ দিয়েছে চবি মেডিসিন অনুষদ।
-
০৩ অগাস্ট, ২০২৩
-
২৮ মার্চ, ২০২৩
-
১৬ জানুয়ারী, ২০২২
শিক্ষাকাল পূর্ণ হওয়ার আগে রুটিন
ফাইনাল প্রফ পরীক্ষা পেছানোর দাবি রাবির মেডিকেল শিক্ষার্থীদের
-
১০ নভেম্বর, ২০২১
-
২৪ অক্টোবর, ২০২১
-
১৮ অক্টোবর, ২০২১
-
১৮ অক্টোবর, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১