স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা সশরীরও নেওয়া যাবে: ইউজিসি
মেডিভয়েস রিপোর্ট: অনলাইনের পাশাপাশি সশরীরও স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়গুলোকে এক চিঠিতে এমন নির্দেশনা দিয়েছে ইউজিসি।
ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ শুক্রবার গণমাধ্যমকে জানান, সশরীর ও অনলাইন শিক্ষাকার্যক্রম সমন্বয় বা মিশ্রণ করে একটি নীতিমালাও করতে যাচ্ছে ইউজিসি।
চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) অনুমোদন নিয়ে সশরীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যাবে।
করোনার সময় শিক্ষাকার্যক্রম চালু রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে ইউজিসি জানায়, বর্তমানে দেশে ৪৯টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে, যার ফলে সেশনজট বাড়ছে। এ অবস্থায় কয়েকবার খোলার ঘোষণা দেওয়ার পরও করোনা পরিস্থিতির অবনতি ঘটায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু করা যায়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ওই ঘোষণায় ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে টেলিশিন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলা নির্ভর করছে আবাসিক হলগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের করোনার টিকা পাওয়ার ওপর।