বিডিএফ প্রধান সমন্বয়ক নিরুপম দাশ গুরুতর অসুস্থ
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ গুরুতর অসুস্থ।
আজ শুক্রবার (২৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিডিএফ’র সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম আজ সন্ধ্যায় মেডিভয়েসকে জানান, ডা. নিরুপম দাশ অগ্নাশয়ের দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত। একই সঙ্গে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি।
গত কয়েক দিন ধরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে নিজ কর্মস্থল নোয়াখালীতে অবস্থান করছেন তিনি। অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরীর পরামর্শে ওষুধ সেবন করছেন তিনি।
আগামীকাল শনিবার (২৯ মে) ঢাকা আসার পর এ পেশাজীবী নেতাকে হাসপাতালে ভর্তি করা হবে।
তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছে ডক্টরস’ ফাউন্ডেশন। একই সঙ্গে আপাতত তাঁকে ফোন বা ক্ষুদেবার্তা পাঠানো থেকে বিরত থাকার অনুরোধ করেছেন বিডিএফ চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল। এ সময় যে কোনো প্রয়োজনে টিম বিডিএফ’র অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।