টিকা উপহার দিতে ভারতকে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: ভারতের কাছে বাংলাদেশ টিকা উপহার হিসেবে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছিলাম। ভারত কখনোই বলেনি টিকা দেবে না, তবে তারা দিতে পারছে না। আমি এর আগে চিঠিও দিয়েছি। আমি ওইদিন বললাম, আমরা ঝামেলায় পড়েছি। আমাদের ১৫ লাখ লোক দ্বিতীয় ডোজ টিকার জন্য আটকে গেছে। টিকা রফতানিতে নিষেধাজ্ঞা থাকলে প্রয়োজন হলে আমাদের উপহার হিসেবে দিন। কারণ, এর আগে আপনারা আমাদের উপহার দিয়েছেন।’
টিকা দিতে পারবেন কিনা এ বিষয়ে জয়শঙ্কর স্পষ্ট করে কিছু বলেননি জানিয়ে মোমেন বলেন, ‘জয়শঙ্কর বলেন, আমি আপনাদের অবস্থা জানি এবং আপনিও আমাদের অবস্থা জানেন। দিনে চার হাজারের বেশি লোক মারা যাচ্ছে এবং চার লাখের বেশি লোক সংক্রমিত হচ্ছে। সেরামের উৎপাদন করার ক্ষমতা ছিল ২০ কোটি, কিন্তু ১০ কোটিও উৎপাদন করতে পারছে না। আমাদের অবস্থা শোচনীয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বললাম আমার অবস্থা আরও খারাপ। কারণ, ১৫ লাখ লোক টিকা না পেলে সবকিছু নষ্ট হয়ে যাবে। যেকোনোভাবে টিকা সরবরাহ করার কথা বলেছি। বলেছি প্রয়োজনে উপহার দিন।’
এ কে আব্দুল মোমেন বলেন, ‘জয়শঙ্কর আমাকে জিজ্ঞাসা করেছেন অন্য জায়গা থেকে আমরা টিকা আনার চেষ্টা করছি কিনা। আমি বললাম, যুক্তরাষ্ট্রকে বলেছি। কোভ্যাক্সকে আপনারা দিচ্ছেন না বলে সেখান থেকে পাচ্ছি না। যুক্তরাষ্ট্রের ওপর ভারতের প্রভাব রয়েছে এবং আমি জয়শঙ্করকে অনুরোধ করেছি তাদের আমাদের টিকা দেওয়ার জন্য বলতে।’
প্রসঙ্গত, ভারতের কাছ থেকে তিন কোটি টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ, কিন্তু ৭০ লাখ সরবরাহ করার পর রফতানি বন্ধ করে দেয় দেশটির সরকার। এর ফলে ১৫ লাখেরও বেশি লোক দ্বিতীয় ডোজ টিকা নিতে পারছে না; যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে।