চিকিৎসকদের হয়রানির শিকার হওয়া অপ্রত্যাশিত: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে কর্মস্থলে যাওয়ার সময় প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শনের পরেও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের হয়রানির শিকার হওয়া অপ্রত্যাশিত বলে অভিহিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘দাপ্তরিক কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে যাতায়াতের সময় প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শনের পরেও অনেকেই নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, যা কোনভাবেই কাম্য নয়। জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করণের লক্ষ্যে কর্মস্থলে যাতায়াতে সার্বিক সহযোগিতার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এতে করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কর্মস্থলে যাওয়ার সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আবশ্যিকভাবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে ইস্যু করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার নিমিত্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বারক নং-৪৫.০০.০০০০.১৪০.৯৯.০০৪.২০.৪৯৭ তারিখঃ-১৩.০৪.২০২১ খ্রিঃ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ (সকল পর্যায়ে) জনসাধারণের মাঝে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীদের লকডাউন পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্য সেবা/চিকিৎসা সেবাসহ অন্যান্য কার্যক্রমে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র (আইডি কার্ড) আবশ্যিকভাবে ব্যবহার করার জন্য বলা হলো।’
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রী পরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন একাধিক চিকিৎসক। মুভমেন্ট পাস না থাকায় তাদের কারও কারও বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় বলে জানা গেছে।
জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা মুভমেন্ট পাসের আওতামুক্ত হওয়ার পরও কর্মস্থলে যাওয়ার সময় হেনস্থার শিকার হওয়ায় করোনার এ দুঃসময়ে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
তবে মুভমেন্ট পাসের আওতামুক্ত নাগরিকরা যথাযথ পরিচয় প্রদান সাপেক্ষে পুলিশের সর্বাত্মক সহযোগিতা পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানতে চাইলে পুলিশের ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান একই দিন মেডিভয়েসকে বলেন, ‘চিকিৎসকদের হাসপাতাল কর্তৃপক্ষের একটি প্রত্যয়নপত্র দেওয়ার কথা, যেখানে উল্লেখ থাকবে—এই রোস্টারে ডিউটির জন্য আমার এই চিকিৎসক হাসপাতালে আসবেন। তিনি এই গাড়ি ব্যবহার করবেন। আমরা সবাইকে এভাবে অনুরোধ করেছি, কর্তৃপক্ষ যেন বিষয়টি সুনির্দিষ্ট করে উল্লেখ করে দেয়। আমরা চাই, চিকিৎসকদের দায়িত্বের সময়ের ব্যাপারে কর্তৃপক্ষ একটি প্রত্যয়নপত্র প্রদান করুক। দেখুন, লকডাউনেও একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংক খোলা হয়েছে। তাই বলে তাদের শতভাগ কর্মী মুভমেন্টের অনুমোদন পাবেন না।’
-
২৮ জুন, ২০২১
-
২৭ জুন, ২০২১
-
২৭ জুন, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৬ এপ্রিল, ২০২১
-
১৫ এপ্রিল, ২০২১