০৮ এপ্রিল, ২০২১ ০২:৪৬ পিএম

স্থগিত ফাইনাল প্রফের বিষয়ে সিদ্ধান্ত ১১ এপ্রিল 

স্থগিত ফাইনাল প্রফের বিষয়ে সিদ্ধান্ত ১১ এপ্রিল 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় স্থগিত হয়ে যাওয়া নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিদ্ধান্ত আসছে আগামী ১১ এপ্রিল। ওই দিন ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের মিটিংয়ে প্রফ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার নবী আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঈদের আগে ফাইনাল প্রফ পরীক্ষা আয়োজনের বিষয়ে চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। আগামী রোববার (১১ এপ্রিল) আমাদের অধ্যক্ষদের সঙ্গে একটি মিটিং আছে। সেখানে হয় তো একটি সিদ্ধান্ত আসতে পারে।’

‘ঢাকায় টেস্ট বেশি, পরশু দিন করোনায় মারা যাওয়া ৬৮ জনের ৫৪ জনই ঢাকার। ঢাকার মেডিকেলগুলোর অধ্যক্ষগণকে বিষয়টি সামাল দিতে হচ্ছে। ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, সোহারাওয়ার্দী ও সলিমুল্লায় করোনার চিকিৎসা হচ্ছে। তাই তাদের অধ্যক্ষগণের সঙ্গে খোলামেলা কথা বলতে চাই’, যোগ করেন ডা. শাহরিয়ার নবী।

তিনি বলেন, ‘করোনা বেড়েছে, তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যারা পাস করবে তারা তো করোনাতেই দায়িত্ব পালন করবে। সুতরাং করোনা বাড়া-কমায় কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ করোনাতে আমার ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমার তো পেশা...।,

তবে লকডাউনে পরীক্ষা নেওয়ায় বিপত্তির আশঙ্কা করে তিনি বলেন, ‘ভাবছি, পরীক্ষা যে নেবো—লকডাউনে ভাইভা নিতে গিয়ে কিছু কিছু জায়গায় সমস্যার মুখোমুখি হচ্ছি। কেন্দ্রে যেতে গিয়ে পরীক্ষকদের বেশ ঝামেলায় পড়তে হচ্ছে। রাস্তা-ঘাটে পুলিশ তাদের থামিয়ে দিচ্ছে। সব কিছু স্বাভাবিক থাকলেও সকাল বেলায় দেখা যায় পুলিশের তৎপরতা বেড়ে গেছে। তারপরও আমার পরীক্ষকরা অনেক কষ্ট করে, কাগজপত্র দেখিয়ে কেন্দ্রে যাচ্ছে। এ কারণেই মিটিং করে দেখবো, কি মতামত আসে।’

ঢাবি চিকিৎসা অনুষদের ডিন বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকোবিলায় ৫-১১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত  লকডাউন চলবে। কাল থেকে শপিং সেন্টার খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ চূড়ান্তভাবে লকডাউন শিথিলতার দিকে যেতে পারে। এ অবস্থায় ঈদের আগে অন্তত পক্ষে লিখিত পরীক্ষা নেওয়ার চিন্তা চলছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ মার্চ এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দ্বিতীয় দফায় স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ৪ এপ্রিল-২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানানো হবে।’

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে ও নভেম্বর-২০২০ অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিবধি মেনে যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফেশনাল পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক