স্কুল-কলেজ খুলছে ২৩ মে
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৩ মে খুলছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে ছুটি আরও একদফা বাড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় এবং ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরু পর গত বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর লকডাউন তুলে দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়। সর্বশেষ ৩০ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেওয়া হয়। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আবার পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।