‘কোনো ভয় নেই, আপনারাও টিকা গ্রহণ করুন’
মেডিভয়েস রিপোর্ট: দেশব্যাপী করোনাভাইরাস টিকাদান কার্যক্রম শুরুর দিনে টিকা গহণ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। টিকা গ্রহণে কোনো ভয় নেই জানিয়ে সবাইকে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর একটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভ্যাকসিন সেন্টারে টিকা গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি, যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।’
প্রধানমন্ত্রীকে পুনরায় ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান, তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে।’
সকলকে টিকা কার্যক্রমের আওতায় আনার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এ টিকা দেশের প্রত্যেক নাগরিকের। আমার রিকশাওয়ালা ভাই, বাড়ির কাজ করেন এবং সাধারণ মানুষ যেন টিকা পাওয়ার সুবিধা পায়। সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার।’
টিকাদান কর্মসূচিতে বিএসএমএমইউর ব্যবস্থাপনাতে সন্তুষ্টি প্রকাশ করে হাসপাতালটির সকল কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি।
এ সময় গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএসএমএমইউর অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, গণস্বাস্থ্যের করোনা কীটের সমন্বয়ক এবং উপাধ্যক্ষ ড. মুহিব উল্লাহ খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।