অধ্যাপক এবিএম আবদুল্লাহর সহধর্মিনীর মৃত্যুতে বিএমএর শোক
মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর সহধর্মিনী অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর সহধর্মিনী অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বলেও শোক বর্তায় উল্লেখ করা হয়।
এর আগে একই দিনে দুপুর আড়াইটায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর স্বামী ডা. এবিএম আব্দুল্লাহ মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করে জানান, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর জানাজা হতে পারে। করোনার কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তাই এ বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হবে। এর পর ওসিয়ত অনুযায়ী রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।’
মাহমুদা বেগম তেজগাঁও সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
গত ১৭ ডিসেম্বের করোনা পরীক্ষার পর দিন ১৮ ডিসেম্বর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর থেকে তিনি গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর পর করোনা নেগেটিভ আসলেও নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় মাহমুদা বেগমের শারীরিক অবস্থার অবনতি হয়। গত ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।