বিএসসি নার্সিংয়ে পোস্ট বেসিক কোর্স অনুমোদন
আসন বাড়লো ২৫ বেসরকারি নার্সিং কলেজের
মেডিভয়েস রিপোর্ট: দেশের ২৫ বেসরকারি নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সে আসন বৃদ্ধি ও দুই বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১১ অক্টোবর বেসরকারি পর্যায়ে বিএসসি ইন নার্সিং কোর্স চালুকরণ সংক্রান্ত নীতিনির্ধারণী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার উল্লেখিত শর্তে প্রতিষ্ঠানের মান বিবেচনাপূর্বক বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি কোর্সে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ হতে আসন ও মেয়াদ বৃদ্ধিসহ ০২ বছর পােস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স অনুমোদন করা হলো।
অনুমোদনের শর্তে বলা হয়, কলেজগুলোকে নীতিমালার সকল বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের দরিদ্র, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত ৫ ভাগ আসন নিশ্চিত করতে হবে। বরাদ্দকৃত আসনের ১০% এর বেশি পুরুষ শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
এছাড়াও শর্তগুলো পালন করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা শাখায় এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রেরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশের অনুলিপি নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।