বাংলাদেশকে সুরক্ষা সামগ্রী পাঠালো তুর্কি প্রেসিডেন্ট
মেডিভয়েস রিপোর্ট: বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান উপহার হিসেবে এসব সামগ্রী পাঠিয়েছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান দেশটির প্রেসিডেন্টর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ হাজার পিস করে এন নাইন্টিফাইভ মাস্ক, গাউন, কাভারঅল, ২০টি ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বিভিন্ন করোনাসামগ্রী।
ড. মোমেন বলেন, এর আগেও তুরস্ক চারবার বাংলাদেশকে করোনা চিকিৎসাসামগ্রী দিয়েছে। তবে এবার তুরস্কের প্রেসিডেন্ট বিশেষ করে এ উপহার পাঠিয়েছেন।
দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, ‘কিছু দিন আগে আমি তুরস্ক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করি। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করতে বদ্ধপরিকর। দুই দেশের ব্যবসা দুই বিলিয়ন ডলার উত্তীর্ণ হওয়া এখন সময়ের বিষয়।’
এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও অচিরেই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে নবনির্মিত তুর্কি দূতাবাস উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।