নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন ট্রাম্প
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর করোনা চিকিৎসার সকল কোর্স সম্পন্ন করেছেন এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে তাঁর চিকিৎসকেরা।
আজ শুক্রবার (৯ অক্টোবর) হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসার সকল ধাপ সম্পন্ন করেছেন। হোয়াইট হাউজের চিকিৎসকের মতে তিনি এখন স্বাভাবিক জীবন ও তাঁর নির্বাচনী প্রচারণায় ফিরে যেতে প্রস্তুত। এ বিষয়ে ডা. শন কনলি বলেন, ‘প্রেসিডেন্ট ওষুধদের প্রয়োগে খুব ভালো সাড়া দিয়েছেন এবং তার অবস্থা একদম স্থিতিশীল রয়েছে।’
বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাম্পের শারীরিক অবস্থার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন করে উদ্বিগ্ন হওয়ার মতো কোনও লক্ষণ তাঁর দেহে নেই।
এছাড়া আগামী শনিবার ট্রাম্পের করোনা শনাক্তের দশম দিন পূর্ণ হবে। তার করোনার লক্ষণ ও সার্বিক স্বাস্থ্যগত দিক বিবেচনায় প্রেসিডেন্ট সম্পূর্ণভবে স্বাভাবিক জীবনে ফিরতে প্রস্তুত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হয়।
এদিকে করোনা আক্রান্ত হওয়ায় আগামী মঙ্গলবারের নির্বাচনী বিতর্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার প্রস্তাবকে সরাসরি নাকচ করে ট্রাম্প বলেছেন, তিনি ভার্চুয়াল বিতর্কে অংশগ্রহণ করে তার সময় নষ্ট করতে ইচ্ছুক নন।