করোনায় মৃত্যু পাঁচ হাজার ছাড়াল
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭ জনে। এ সময় আরও এক হাজার ৫৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০২টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ২৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি। পরীক্ষায় আরও এক হাজার ৫৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ১৭৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৮ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। তাদের প্রত্যেকই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৯০ জন (৭৭ দশমিক ৬৯ ভাগ) ও নারী এক হাজার ১১৭ জন (২২ দশমিক ৩১ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬০ হাজার ৭৯০ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৯ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫ ভাগ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন রয়েছেন।
বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেট বিভাগে একজন ও রংপুরে একজন ভাইরাসটি আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৩ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা নয় লাখ ৬৫ হাজারের অধিক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি ১৫ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪