অনুষ্ঠিত হয়ে গেলো আমসা বাংলাদেশের শিক্ষা সেমিনার
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেলো শিক্ষা সেমিনার। গত ২১ আগস্টে এশিয়ান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আমসা) বাংলাদেশ এবং এশিয়ান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আমসা) ইন্দোনেশিয়া (এমসিইউ) যৌথ আয়োজনে এ ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।
জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত এ আয়োজনে ৩১ জন বাংলাদেশি এবং ৩২ জন ইন্দোনেশিয়ার মেডিকেল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সাড়ে ৪ ঘণ্টার এ সেমিনারে শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, মেডিকেল কারিকুলাম সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন। এর মাধ্যমে তারা অন্য দেশের মেডিকেল শিক্ষা সম্পর্কে চমৎকার ধারণা পান।
এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিলো বড় আঙ্গিকে একটি প্রীতি দেখাসাক্ষাত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে বর্তমান সময়ে শিক্ষার্থী জ্ঞানের পরিধি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উপায়ে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মেডিকেল শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নন। আমসা বাংলাদেশ বিশ্বাস করে এ ধরনের আয়োজন বাইরের পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাওয়ানোর ক্ষেত্রে তাদের আরো বেশি যোগ্য করে গড়ে তুলবে, পাশাপাশি এর মাধ্যমে অন্যদের ব্যাপারেও ধারণা সৃষ্টি হবে।
তারা বলেন, এই সকল প্রোগ্রাম শিক্ষার্থীদের আন্তর্জাতিক জ্ঞান আহরণের সুযোগ করে দিচ্ছে, যার ফলে তারা বিভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে এর মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষালাভের সুযোগ-অসুবিধাগুলোও জানার সুযোগ পাচ্ছেন তারা।

সেমিনারের জানানো হয়, আমসা ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাইওয়ানের সঙ্গে একটি শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম আয়োজন করতে চেয়েছিলো। এর মাধ্যমে ১০ জন তাইওয়ানের মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশের সাত দিনের শিক্ষা সফরে আসার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে শেষ পর্যায়ে এটি বাতিল করা হয়। তবে পরবর্তীতে এ ধরনের আয়োজনের বিষয়ে আশাবাদী তারা। কারণ আমসার লক্ষ্য হলো বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করানোর পাশাপাশি তাদের মননের বিকাশ ঘটানো।