করোনায় কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসির মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে ঝরে গেলো আরও এক পুলিশ সদস্যের প্রাণ। কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান মরণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ১০টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। পরে শ্বাসকষ্টসহ তার অবস্থা গুরুতর হলে গত ১৫ আগস্ট তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওসি আরিফকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, টানা প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এস এম আরিফুর রহমান মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত ওসি গত ১৪ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় পরদিন ১৫ আগস্ট তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।
এস এম আরিফুর রহমান গত বছরের ৩১ আগস্ট দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক বছর বয়সী মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফনের কথা রয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪