২৩ অগাস্ট, ২০২০ ০৫:৪৯ পিএম

করোনায় খোলা স্থানে তাজিয়া মিছিলে বিধি-নিষেধ

করোনায় খোলা স্থানে তাজিয়া মিছিলে বিধি-নিষেধ

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে করোনার সংক্রামণ ও বিস্তার রোধে আগামী ১০ মহররম (৩০ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে খোলা জায়গায় তাজিয়া মিছিল ও সমাবেশ না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (২৩ আগস্ট) ডিএমপি সদরদপ্তরে আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

স্বাস্থ্যবিধি মেনে আশুরা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইমামবাড়াগুলোতে সবাইকে একসঙ্গে না ঢুকিয়ে খণ্ড খণ্ড দলে বিভক্ত করে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। ইমামবাড়ার ঢোকা ও বেরোনোর পথ আলাদা, ঢোকার মুখে প্রয়োজনীয় বেসিন, পানির ট্যাংক, সাবান এবং আলাদাভাবে হ্যান্ড স্যানিটাইজার রাখা ও জীবাণুনাশক চেম্বার স্থাপনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে ডিএমপি।

এছাড়াও তাপমাত্রা মাপার যন্ত্রসহ স্বেচ্ছাসেবক রাখতে ও কমপক্ষে তিন ফুট দূরত্বে অবস্থান কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে। করোনার উপসর্গ, যেমন জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ইত্যাদি নিয়ে কোনো ব্যক্তিকে ইমামবাড়ায় প্রবেশ করতে দিতে নিষেধ করা হয়েছে। করোনাকালীন সময়ে বিশেষ পরিস্থিতিতে শিশু ও ষাটোর্ধ্ব এবং অসুস্থ ব্যক্তিদের ইমামবাড়ায় প্রবেশে নিরুৎসাহিত করারও পরামর্শ দিয়েছে পুলিশ।

এ সময় ডিএমপি কমিশনার শিয়া সম্প্রদায়ের নেতাদের যেকোনো প্রয়োজনে পুলিশ পাশে আছে বলে আশ্বস্ত করে বলেন, আশুরা উপলক্ষে পোশাকে ও সাদাপোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ দল থাকবে। ইমামবাড়া ও এর আশেপাশের এলাকায় সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের ব্যবস্থাসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মেটাল ডিটেক্টরে তল্লাশির আর্চওয়ের মধ্য দিয়ে ইমামবাড়ায় প্রবেশ করতে দেওয়া হবে বলেও জানিয়েছেন শফিকুল ইসলাম।

সভায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র‌্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং লালবাগ, মিরপুর ও তেজগাঁও এলাকার শিয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক