মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার সংক্রমণ রোধে জন সচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা রোধে মাস্ক একটি কার্যকরী হাতিয়ার। তাই সরকার প্রধান মাস্ক পরা বাধ্যতামূলক করতে মাঠ প্রশাসনকে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তাগিদ দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে সচিব আরও বলেন, ‘একেবারে ম্যাসিভ কোনো ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত করার জন্য যদি শাস্তি দেওয়া হয়, এই জিনিসটা প্রচার করার জন্য যে আজ মাস্ক না পরার জন্য বা স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না নেওয়ার জন্য এতগুলো লোককে বাসে, বাজারে বা লঞ্চে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো যদি প্রচারে যায়, তাহলে মানুষও সচেতন হবে।’
এছাড়াও বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও পুনর্বাসনে যাতে সমস্যা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ভাদ্রমাসে আরেকটি বন্যার আশঙ্কা করে সবাইকে সতর্ক করেন তিনি।
সভায় চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তাসহ তাদের সার্বিক কল্যাণের জন্য 'বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২০' এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪