সিটি মেডিকেলকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগের গাজীপুরের সিটি মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালটির লাইসেন্স নবায়নের জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে পৌনে একটা থেকে অভিযান শুরু করে বিকেল চারটা পর্যন্ত চলা অভিযান শেষে এ তথ্য জানিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে। হাসপাতালটির বিরুদ্ধে অনুমোদানহীনভাবে করোনা পরীক্ষার অভিযোগ থাকলেও এ সংক্রান্ত কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ব্যবহার করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
এ সময় হাসপাতালটির লাইসেন্স নেই জানিয়ে সারোয়ার আলম আরও বলেন, হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন বা লাইসেন্স নেই। যেহেতু মন্ত্রণালয় আগামী ২৩ আগস্ট পর্যন্ত লাইসেন্স নবায়নের সময় দিয়েছে, তাই এখনই হাসপাতালটিকে সিলগালা করা হচ্ছে না। তবে এই সময়ের মধ্যে যদি নবায়ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
একই দিনে অপর এক অভিযানে গাজীপুরের চান্দনা এলাকায় সেবা জেনারেল হাসপাতালকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই হাসপাতাল থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র্যাবের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে অন্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র্যাব-১-এর কমান্ডার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।