২১ জুলাই, ২০২০ ০১:৩৪ পিএম

সিএমএসডির উপপরিচালককে কক্সবাজার হাসপাতালে বদলি

সিএমএসডির উপপরিচালককে কক্সবাজার হাসপাতালে বদলি

মেডিভয়েস রিপোর্ট: করোনাকালে মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠায় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) উপ-পরিচালকসহ বেশ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। প্রতিষ্ঠানটির উপপরিচালক ডা. মো. জাকির হোসেন খানকে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে বদলি করে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহিউদ্দিনকে সিএমএসডির উপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) মো. রায়হান মিঞা স্বাক্ষরিত সংশোধিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের এ কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে ৪র্থ কর্মদিবসে বর্তমান কর্মমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে সিএমএসডির উপপরিচালক ছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়ন সেন্টারের সহকারী সার্জন ডা. সাব্বির আহমেদকে সিএমএসডিতে সংযুক্তি আদেশ বাতিল করে পুরনায় পূর্বের কর্মস্থলে বদলি করা হয়েছে। কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রিয়াজুর রিয়াদকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে সিএমএসডিতে সংযুক্ত করা হয়েছে। সিএমএসডির ফার্মাসিস্ট (গ্রাজুয়েট) হাবিবুল কিবরিয়াকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য অধিদফতরে ওএসডি থাকা ডা. মো. হাসান শাহরিয়ারকে সিএমএসডিতে সংযুক্ত করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে, গতকাল (২০ জুলাই) এন-৯৫ মাস্ক দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের তলবে হাজির হয়েছিলেন সিএমএসডির উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন। সকাল ১০ টায় তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্তকারী দল। একই ঘটনার অনুসন্ধানে সিএমএসডির সাবেক-মেডিকেল অফিসার ও চিফ কো-অডিনেটর ডা. জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

এর আগে, রোববার একই প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান ও সাবেক ডেস্ক অফিসার ও স্টোরেরর অতিরিক্ত দায়িত্ত্বে থাকা ডা: সাব্বির আহম্মেদ ও স্টোর অফিসার কবির আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করে দুদক। কোভিড-১৯ এর চিকিৎসার নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক