অনুমোদন ছাড়াই র্যাপিড কিটে করোনা পরীক্ষা করতো সাহাবুদ্দিন মেডিকেল
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরীক্ষায় অনিয়মসহ নানা অভিযোগে রাজধানীর গুলশানে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতকে আটক করেছে র্যাব।
আজ রোববার (১৯ জুলাই) বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাসপাতালটিতে অভিযান চালায় র্যাব। এ সময় স্বাস্থ্য অধিদপ্তেরের সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই র্যাপিড কিট দিয়ে করোনা আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল রাজধানীর গুলশান-২ এ অবস্থিত সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও তারা অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে তিন হাজার থেকে ১০ হাজার টাকা করে টাকা নিত প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘হাসপাতালটির বিরুদ্ধে র্যাবের কাছে তিনটি অভিযোগ এসেছিলো। হাসপাতালটিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছিল। কিন্তু তাদের এ পরীক্ষার স্বয়ংক্রিয় মেশিন না থাকায় অনুমোদন বাতিল করা হয়। এরপরও তারা করোনা পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। তারা বাইরের রোগীদেরও করোনা পরীক্ষা করতো। এ পরীক্ষাগুলো অননুমোদিত ডিভাইসের মাধ্যমে করা হয়েছে। তার যে রিপোর্ট দিয়েছে তার সবই ভুয়া।’
এছাড়াও হাসপতালটি করোনা পরীক্ষা বাইরের হাসপাতাল থেকে করে তা নিজেদের হাসপাতালের প্যাডে লিখে রোগীদের প্রদান করতো। তারা কিছু পণ্য যেমন মাস্ক, গ্লাভস- এগুলো একাধিকবার ব্যবহার করছে যা একবারের বেশি ব্যবহার করার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
এ সময় অভিযান চলাকালে অসহযোগিতা করায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতকে আটক করেছে র্যাব। তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর মধ্যেই নানা অনিয়মের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে গত ৬ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জালিয়াতির অভিযোগে হাসপাতালটির দুইটি শাখা সিলগালা করে দেওয়া হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪