করোনায় না ফেরার দেশে আরো ৩৪ জন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৫৮১ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭০৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২ হাজার ০৬৬ জনে।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ৬৩২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরসহ মোট ১০ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭০৯ জনের মধ্যে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২ হাজার ০৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় মধ্যে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৮১ জনের।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৭৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১০ হাজার ৯৮ জনে।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৩৭ লাখ। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৮৭ হাজার। সুস্থ হয়েছেন ৮১ লাখ ৫৭ হাজার।