করোনায় নৌবাহিনীর সাবেক প্রধানের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং কিডনি জটিলতায় মারা গেছেন সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম (৭৯)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) আজ বুধবার (১৫ জুলাই) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আজ বাদ আসর নৌ সদর দপ্তর মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আইএসপিআর জানায়, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ১ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। গতকাল মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি ১৯৯১ হতে ১৯৯৫ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আত্মীয়-স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
রিয়ার অ্যাডমিরাল মোহাইমিনুল ইসলাম (অব.) পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এছাড়া নৌ সদর দপ্তরে বিভিন্ন পরিদপ্তরের পরিচালক এবং সহকারী নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এ কর্মকর্তা। তিনি ১৯৯১ সালের ৪ জুন নৌপ্রধান হিসেবে দায়িত্বভার নেন এবং ১৯৯৫ সালের ৩ জুন পর্যন্ত সফলতার সঙ্গে নৌপ্রধানের দায়িত্ব পালন করেন।
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ১১ সেপ্টেম্বর ১৯৪১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৬৩ সালে ১ ডিসেম্বর তিনি কমিশনপ্রাপ্ত করেন।
তিনি তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের ওপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ হতে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪