০২ জুলাই, ২০২০ ০৫:১৪ পিএম

ঢাকা মেডিকেলের চিকিৎসা ব্যয় তদন্ত করে দেখা হবে: স্বাস্থ্যসেবা সচিব

ঢাকা মেডিকেলের চিকিৎসা ব্যয় তদন্ত করে দেখা হবে: স্বাস্থ্যসেবা সচিব

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস আক্রান্তদের চিকাৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসা ব্যয় তদন্ত করে দেখা হবে জানিয়েছেন নব নিযুক্ত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। ঢামেক হাসপতালে কোন অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগের পর ঢাকা মেডিকেলে এটাই তার প্রথম সফর।

তিনি বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঢামেক হাসপাতালের চিকিৎসা ও সার্বিক ব্যয় নিয়ে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হবে। হাসপাতালটির হোটেল থাকা-খাওয়া অন্যান্য বিলের যে হিসেব দিয়েছে সে ভাউচার এখনও মন্ত্রণালয়ে পৌঁছেনি। ভাউচার পাওয়ার পর এ নিয়ে তদন্ত করে দেখা হবে। যদি কোন অনিয়ম ও দুর্নীতি পাওয়া যায় তবে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে করোনা ডেডিকেটেড হাসপাতালটির চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সার্বিক খোঁজ-খবর নেওয়া জন্যই তার এ সফর।  চিকিৎসা সেবার সঙ্গে জড়িত চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেমন আছেন, তা সরেজমিনে এসে দেখা, জানা এবং কোন সমস্যা থাকলে তা সমাধান করাই তার পরিদর্শনের মূল উদ্দেশ্য বলে জানান স্বাস্থ্যসেবা বিভাগের এই সচিব। 

এ সময় করোনাভাইরাস পরিস্থিতি ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনসহ অন্যান্যদের সঙ্গে স্বাস্থ্যসেবা সচিব বৈঠক করেন। বৈঠক শেষে তিনি করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ও রোগীদের খোঁজ খবর নেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক