ফি নির্ধারণ হচ্ছে করোনা পরীক্ষায়: হাসপাতালে দুইশ’ ও বাড়িতে পাঁচশ’ টাকা
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা এতোদিন সরকারিভাবে করা হলেও এখন আর সেই সুবিধা থাকছে না। এখন থেকে সরকারি হাসপাতালের বুথে এসে পরীক্ষা করতে ২০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে এখনো বেসরকারি হাসপাতালে এসে পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা এবং বেসরকারিভাবে বাসা গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাড়ে চার হাজার টাকাই থাকছে।
সোমবার (২৯ জুন) ফির বিষয়ে আদেশ জারি হতে পারে বলে স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে। এরআগে গতকাল (রোববার) স্বাস্থ্য সেবা বিভাগের এই প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বর্তমানে দেশের ৬৮টি গবেষণাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এসব পরীক্ষার জন্য কিট সরবরাহ করছে সরকার। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে এখন দৈনিক ১৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত সরকারিভাবে করোনার নমুনা পরীক্ষা বিনামূল্যে করা হলেও বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। আর বেসরকারিভাবে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার খরচ পড়ছে সাড়ে চার হাজার টাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে করোনার নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রস্তাব যায় স্বাস্থ্যসেবা বিভাগে। যাচাইয়ের পর সেই প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। ফির বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল পর্যন্ত পিসিআরে মোট সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪