করোনায় স্বাস্থ্যব্যবস্থার কিছু দুর্বলতা চিহ্নিত হয়েছে: অর্থমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাস মোকাবেলার অভিজ্ঞতা দেশের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতা চিহ্নিত করেছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মোকাবেলার অভিজ্ঞতা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতা চিহ্নিত করেছে। এর ফলশ্রুতিতে স্বাস্থ্য খাতে আমাদের দীর্ঘদিনের অর্জনসমূহ টেকসই করা এবং ভবিষ্যতে মহামারি/মরণব্যাধির প্রাদুর্ভাব প্রতিরোধ ও মোকাবেলাসহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আজ সময় এসেছে উন্নত বিশ্বের স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি আত্মীকরণের পাশাপাশি নিজস্ব গবেষণাভিত্তিক জনস্বাস্থ্য-চিকিৎসা-শিক্ষাচিকিৎসাসেবার মেলবন্ধন ঘটিয়ে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি উন্নততর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা।’
তিনি বলেন, ‘দেশের সকল বিভাগীয় শহরে পর্যায়ক্রমে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আমাদের বিগত বছরসমূহে প্রদত্ত প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে এবং পাশাপাশি এগুলোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অপর অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর কাজ ক্রমান্বয়ে শুরু করা হবে। চিকিৎসা শিক্ষার প্রতি অধিক গুরুত্ব প্রদান করে সরকার ইতোমধ্যে একটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠন করেছে।’
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘করোনার মত ভবিষ্যতে অন্য মহামারী দেখা দিলে তা মোকাবেলার জন্য টেকসই পদ্ধতি আবিষ্কার এবং রোগগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিষয়ে যথাযথ গবেষণার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। স্বাস্থ্য-বিজ্ঞান, প্রকৌশল ও গবেষণার কাজে আমাদের জোরালোভাবে সম্পৃক্ত হতে হবে। দেশ হিসেবে যদি আমরা উন্নত বিশ্বের পর্যায়ে পৌঁছাতে চাই, সমন্বিত স্বাস্থ্য-শিক্ষা এবং বিজ্ঞান-প্রযুক্তি গবেষণা নীতিমালা প্রণয়ন, তহবিল গঠন এবং এ খাতে ব্যয় বৃদ্ধির কোন বিকল্প নেই। সরকারের নানা বিভাগের সমন্বয়ের মাধ্যমে নতুন নতুন পলিসি তৈরি বা সংশোধন করে দেশকে একটি গবেষণা সংস্কৃতি উপহার দেয়ার মাধ্যমে স্বাস্থ্য খাতকে রূপান্তর করাই আমাদের সরকারের উদ্দেশ্য। স্বাস্থ্যশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং এর গবেষণার জন্য একটি সমন্বিত বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন পলিসি তৈরি করা প্রয়োজন। এই পলিসি বা নীতিমালার লক্ষ্য হবে স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি গবেষণায় দেশকে ধীরে ধীরে উন্নত বিশ্বের সমকক্ষ করে তোলা।’
‘করোনা ভাইরাসের মত ভবিষ্যত মহামারীর চ্যালেঞ্জ মোকাকাবেলা করাসহ রোগের বিভিন্ন পর্যায়ে/পরিস্থিতিতে করণীয় ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে দেশে-বিদেশে বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি এবং সায়েন্স ডিপ্লোমেসি ও টেকনোলজি ডিপ্লোমেসির সুফল গ্রহণে আমরা অব্যাহতভাবে প্রয়াস চালিয়ে যাবো। স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণায় উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে, নতুন প্রযুক্তি আমদানি বা গ্রহণ করতে, নিজস্ব প্রযুক্তি সারা বিশ্বে ছড়িয়ে দিতে এই কূটনীতি সামনের দিনগুলোতে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে,’ যোগ করে অর্থমন্ত্রী।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪