করোনায় আক্রান্ত এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ।
গত শনিবার করোনার নমুনা পরীক্ষায় ফল পজিটিভ আসার পর থেকেই স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন কুতুব উদ্দিন আহমেদ।
বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী এমপি। তিনি জানিয়েছেন কুতুব উদ্দিন আহমেদ এখন সুস্থ রয়েছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করুন।
বুয়েট থেকে পাস করার পর ব্যবসায়িক অঙ্গনে পা রাখেন কুতুব উদ্দিন। ১৯৮৪ সালে তার প্রতিষ্ঠিত এনভয় গ্রুপ তৈরি পোশাকসহ বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে।
কুতুব উদ্দিন দেশের আবাসন শিল্পেরও একজন পথিকৃৎ ব্যক্তিত্ব। তার মালিকানাধীন শেলটেক লিমিটেড আবাসান খাতের একটি শীর্ষ কোম্পানি। এনভয় গ্রুপ বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা।
কুতুব উদ্দিন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন।