২৯ নভেম্বর, ২০২৬ ০১:১৪ পিএম

ডেঙ্গুতে মৃতদের ২৫ শতাংশ ডায়াবেটিস রোগী: আইইডিসিআর

ডেঙ্গুতে মৃতদের ২৫ শতাংশ ডায়াবেটিস রোগী: আইইডিসিআর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাম্প্রতিক সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা রোগীদের মধ্যে প্রায় চারজনের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। একই সাথে উল্লেখযোগ্য সংখ্যক মৃত রোগীর উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগও ছিল। চিকিৎসকদের ভাষায় একে বলা হয় ‘কো-মরবিডিটি’।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিভিন্ন হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পেয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫২০ জনেরও বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মোট এক লাখ ৭৬ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে প্রায় পাঁচ হাজার রোগী ভর্তি আছেন।

আইইডিসিআর কয়েকটি সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি হাসপাতাল থেকে ১১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছে। তাতে দেখা যায়, ১০২ জনের মধ্যে ২৫ জনের (২৪ দশমিক ৫ শতাংশ) ডায়াবেটিস ছিল। ১০৭ জনের মধ্যে ২০ জনের (১৯ শতাংশ) উচ্চ রক্তচাপ এবং ১০১ জনের মধ্যে ৮ জনের (৮ শতাংশ) দীর্ঘস্থায়ী কিডনি রোগ ছিল।

স্বাস্থ্যবিদদের মতে, ডায়াবেটিসে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি লিভার, কিডনি ও হৃৎপিণ্ডের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে ডেঙ্গুতে জটিলতার আশঙ্কা বাড়ে।

আইইডিসিআরের পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ রোগী লক্ষণ প্রকাশের পর চিকিৎসা নিতে দেরি করেছেন। ৮৩ জনের মধ্যে ৬৮ শতাংশ জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার তিন দিনের বেশি পর চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তির প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পর্যালোচিত মৃত্যুর বড় অংশ ঘটেছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী গণমাধ্যমকে জানান, ১১৯ জনের তথ্য ডেঙ্গুতে মোট মৃত্যুর তুলনায় একটি উল্লেখযোগ্য অংশ, তবে এটি দিয়ে পুরোপুরি চিত্র তুলে ধরা সম্ভব নয়। তবে এই বিশ্লেষণ থেকে কিছু প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ৫৬৬ জনের মৃত্যু হয়েছে, যা সবচেয়ে বেশি। এরপর সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০ এবং ময়মনসিংহে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত